কৃষ্ণা
সব্যসাচী দেবআমার কোন শোক নেই, আমার কোন বিষাদ নেই।
হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোন ক্ষোভ নেই
পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন,
আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই।
আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়।
আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন,
শক্তিমান ভীম, নকুল, সহদেব আর আপনি ধর্মপুত্র-
আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন।
আমি সর্বজ্ঞা নই। যজ্ঞভূমের অগ্নি থেকে
আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত;
আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা।
আপনার কোন বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে
রক্ষা করেছে বিকার থেকে- কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে!
ভীমসেন, তোমাকে আমি ভালবাসা দিই নি কখনও,
তাই তা ফিরেও চাইনি।

